সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ জুলাই || আজাদি অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে চরম অ-ব্যবস্থার মধ্য দিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের পেক্ষাগৃহে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদ্যুৎ মহোৎসব-২০২২। এই অনুষ্ঠান উপলক্ষে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ১১ জন এন.এস.এস ভলান্টিয়ারকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য বেলা দেড়টা নাগাদ আনা হয়। চার ঘন্টা সময় ধরে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে। কিন্তু তাদের দুপুরের খাবারের কোন ব্যবস্থা করেনি তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম অফিস কর্তৃপক্ষ। উপরন্ত অনুষ্ঠানের জন্য স্থানীয় কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও তাদের জন্য বসার কোন নির্দিষ্ট স্থান ছিল না এই অনুষ্ঠানে যা উপস্থিত শ্রোতাদের মধ্যে গুঞ্জন হতে শোনা যায়। মূলত বিদ্যুৎ নিগম তেলিয়ামুড়া অফিস কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণেই গোটা অনুষ্ঠানটি একপ্রকার ফিকে হয়ে যায়। অনুষ্ঠান শুরু হওয়ার নির্দিষ্ট সময় ৩টা ৩০ মিনিট থাকলেও বিকাল প্রায় ৫টা ৩০ মিনিট বাজতে থাকলেও কোন এক অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি শুরু হয়নি। অনুষ্ঠানটি বিলম্ব হতে দেখেই ভলান্টিয়ার থেকে শুরু করে উপস্থিত দর্শকেরা ধীরে ধীরে ঘর-মুখী হতে শুরু করে। এ যেন এক ছন্নছাড়া অনুষ্ঠান। গোটা দেশ জুড়ে আজাদী কা অমৃত মহোৎসবের অনুষ্ঠানগুলো বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু বৃহস্পতিবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানটি অনেকটাই ছন্ন ছাড়ার মতো ছিল স্থানীয় বিদ্যুৎ নিগম অফিস কর্তৃপক্ষের কারণে বলে অভিযোগ।
