তেলিয়ামুড়া সফরে কেন্দ্রীয় সরকারের দক্ষতা বিষয়ক দপ্তরের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ আগস্ট || শনিবার তেলিয়ামুড়া সফরে এলেন ভারত সরকারের দক্ষতা বিষয়ক সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এই সফরে শনিবার একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশাল বাইক র‍্যালীর মাধ্যমে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকা থেকে কেন্দ্রীয় মন্ত্রী’কে তেলিয়ামুড়া সরকারি ডাক বাংলাতে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা। সেখান থেকে এক তিরঙ্গা র‍্যালির মাধ্যমে তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে দেশের জাতীয় পতাকা বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পরবর্তীতে দুপুর দুইটা নাগাদ তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ আদর্শ গ্রাম পঞ্চায়েত বলে পরিচিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় অন্নদাতা কৃষক এবং স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে এক মত বিনিময় সভা। এদিনের এই মত বিনিময় সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সহ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর অন্নদাতা কৃষক এবং স্ব-সহায়ক দলের মহিলাদের সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা সঠিক ভাবে পাচ্ছেন কিনা সে বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।
সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনদিনের রাজ্য সফরে এসে বেশ আপ্লুত তিনি। তিনি বলেন, ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার যেমন চলছে তার সাথে তেলিয়ামুড়ায় চলছে কল্যাণী রায়ের নেতৃত্বে ত্রিপল ইঞ্জিনের সরকার। এই সরকার ত্রিপুরার বিকাশ ও উন্নয়নের নিরিখে সর্বদা কাজ করে যাচ্ছে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, সব সফরকে রাজনীতি কিংবা নির্বাচনের দৃষ্টি কোণে না দেখে প্রত্যেকদিন মানুষের কল্যাণ কাজ করা প্রয়োজন তা দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও মনে করেন। “সবকা সাথ – সবকা বিকাশ – সাবকা বিশ্বাস” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় এই কথা বলেন, কিন্তু এটা কোন রাজনৈতিক উদ্যেশ্যে নয়, মানুষের উন্নয়নের কাজ করা শুধুমাত্র বিজেপি সরকারের লক্ষ এবং সেই কাজ কেবল বিজেপি সরকারের মাধ্যমেই সম্ভব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*