আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ভারতের ৭৬’তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপনের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উদ্যাপনের অংশ হিসাবেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে গোটা দেশে। শনিবার রাজ্যের শাসকদল দল বিজেপি’র পক্ষ থেকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত সচিবালয়ে প্রবেশ পথে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন করা হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বোতাম টিপে জাতীয় পতাকা উত্তোলন করেন। সচিবালয়ে যে জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছে, তার উচ্চতা ১০০ ফুটের অধিক।
পরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে ত্রিপুরা রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার সংগ্রামী যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
