আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || রাজ্যেও যথাযথ মর্যাদার সাথে পালিত হয় ডঃ বি আর আম্বেদকরের ১৩৩’তম জন্মজয়ন্তী৷ শুক্রবার সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হয়৷
এদিন সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্য দান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রথমে দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আম্বেদকরের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন ডঃ বি আর আম্বেদকরের ১৩৩’তম জন্মবার্ষিকী পালন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
এদিন বিজেপি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ এই উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষীকি ভবন প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
এদিন প্রদেশ কংগ্রেস এস সি সেলের উদ্যোগে বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস এস সি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
সংবিধানের রচয়িতা ডাঃ বি আর আম্বেদকরের জন্ম দিন উপলক্ষ্যে শুক্রবার কিষাণ মোর্চার বনমালীপুর মন্ডলের উদ্যোগে রাজধানীর মঠ চৌমুহনী বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়৷ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি’র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব৷
শুক্রবার বিধানসভা ভবনের সামনে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তির শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক রাম প্রসাদ পাল, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা।
