বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ নভেম্বর || শিশুদের দিয়ে শ্রম করিয়ে একটি সুপাড়ীর কারখানা চালাচ্ছে মুহুরীপুরের এক অসাধু ব্যবসায়ী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর এলাকায় সুপাড়ী সংগ্রহ করে সেগুলিকে ছাল ছারিয়ে বিভিন্ন প্রকারের প্রসেসিং করে সুপাড়ীগুলি বহিঃরাজ্যে প্রেরন করা হয়। এই কাজের জন্য কারখানার মালিক ৮ থেকে ১০ পরিবারের সদস্যদের আসাম থেকে নিয়ে আসে বলে জানা যায়। এই পরিবারের মধ্যে অনেকগুলি ছোট ছোট শিশু রয়েছে। এরমধ্যে ১৮ বছরের নিচেও কিছু ছেলে মেয়ে রয়েছে। যাদের এখন বিদ্যালয়ে যাবার কথা সেই সকল ছেলে মেয়েদের দিয়ে কারখানায় কাজ করানোর অভিযোগ উঠে আসছিলো।
‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে এই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়। দেখা যায়, ১৮ বছরের নিচে কিছু ছেলে মেয়ে কাজ করছে এই কারখানায়। কারখানায় গিয়ে মালিকে খুঁজে পাওয়া যায়নি। জানা যায়, মুহুরিপুরের বাসিন্দা সুভাষ মজুমদার নামে এক ব্যক্তি এই কারখানা চালাচ্ছেন। লোক গুঞ্জনে শোনা যায়, এই কারখানা চালানোর জন্য কোনোপ্রকার বৈধ কাগজপত্রও নেই। খাদ্য দপ্তরের কোনোপ্রকার অনুমোদন ছারা এই কারখানা চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
