সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর || মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে পানীয় জলের দাবিতে পথ অবরোধে শামিল হল গিরিবাসীরা। দীর্ঘ পাঁচ দিন যাবত নেই পানীয় জল, ফলে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল গিরিবাসীরা। তাদের অভিযোগ, দিনের পর দিন যাবতীয় বঞ্চনাকে সাথে করে নিয়েই পথ চলতে হচ্ছে রাজ্যের পাহাড়কে। কখনো বা শিক্ষার দাবি কখনো বা স্বাস্থ্যের দাবি আবার কখনো বা জলের দাবিতে পর্যন্ত পথে নামতে হচ্ছে রাজ্যের গিরিবাসীদের।
বৃহস্পতিবার সকালের ব্যস্ততম সময়ে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে গোটা এলাকার সাধারণ গিরিবাসীরা পানীয় জলের জন্য কাতর দাবি জানাতে থাকে। সকাল আনুমানিক ১১টা থেকে শুরু হওয়া সংশ্লিষ্ট অবরোধের জেরে রাস্তার দুই ধারে ব্যাপক যানজটের তৈরি হয়। বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে গুলোর যে শিক্ষক শিক্ষিকাগণ, যারা বিদ্যালয়মুখী ছিলেন, তাদের যেমন নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি বিভিন্ন স্তরের রোগী থেকে শুরু করে সাধারণ মানুষদের হয়রানির কোন অন্ত ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী এলাকাতে দীর্ঘ প্রায় পাঁচ ছয়দিন ধরে পানীয় জল নেই। মানুষ পানীয় জলের অভাবে রাস্তায় নেমেছে।
শেষ সংবাদ পর্যন্ত সংশ্লিষ্ট অবরোধ চলতে থাকলেও দপ্তরের শীর্ষস্থরের আধিকারিক বা শীর্ষ প্রশাসনিক ব্যাক্তিত্বদের কোন দেখা পাওয়া যায়নি। তবে অবরোধকারীদের বক্তব্য, হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের এই সমস্যার সমাধান হবে, তারা পথে থাকবে।
