নেশামুক্তির বার্তা নিয়ে দক্ষিণ মতাইয়ে মাড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ আগস্ট || যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দক্ষিণ ত্রিপুরা জেলায় আয়োজন করা হলো ব্যতিক্রমী ‘নেশামুক্ত মাড ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার ঋষ্যমুখ আর.ডি. ব্লকের অন্তর্গত দক্ষিণ মতাই এলাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে তথা ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
কর্দমাক্ত মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ফাইনাল ম্যাচ উপভোগ করতে সকাল থেকেই মাঠে ভিড় জমান অসংখ্য দর্শক। উদ্বোধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী টুর্নামেন্টের মূল বার্তা—‘নেশামুক্ত সমাজ গঠন’-এর প্রতি সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজেদ পি, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, স্থানীয় বিধায়িকা স্বপ্না মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দ্বিপায়ন চৌধুরী, জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। রাজ্যকে সম্পূর্ণ নেশামুক্ত করতে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের মাড ফুটবল টুর্নামেন্ট একটি অনন্য উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়।”
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিধায়িকা স্বপ্না মজুমদারও তাঁদের বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাঠমুখী করতে এবং নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরো টুর্নামেন্টকে ঘিরে দক্ষিণ মতাই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক বার্তাবাহী ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজকে নেশার কুফল থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*