আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || মঙ্গলবার ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। এদিন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ভিলেজগুলি কি অবস্থায় রয়েছে?
এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থ বছরে রাজ্যের ৫৫টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ ২০২৩ -২৪ অর্থ বছর পর্যন্ত। প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অনেকগুলি কাজ এখনো চলছে।
এদিন বিধায়ক জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্যে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থ বছরে ৯ লক্ষ ৬৯ হাজার ৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনা হয়েছে। এই বীমা খাতে প্রিমিয়াম বাবদ গত ৩টি অর্থবছরে রাজ্য সরকারের তহবিল থেকে মোট ২০ কোটি ৮২ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
এদিন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উদ্দেশ্যে প্রশ্ন করেন, জনজাতি কল্যাণ দপ্তরে কর্মী স্বল্পলতা বিষয়টি কি সঠিক? সত্যি হলে দপ্তরের গ্রুপ এ, বি, সি এবং ডি পদে কতগুলো শূন্যপদ রয়েছে এবং তার মধ্যে কয়টি পদে কতজন লোক কর্মরত অবস্থায় রয়েছে?
উত্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, গ্রুপ এ পদে ৪ জন, বি পদে ২৯ জন, সি পদে ৫৭৪ জন এবং বিপদে ৩১১ জন অনুমোদিত পদ রয়েছে। কর্মরত রয়েছেন গ্রুপ এ পদে ৪ জন, গ্রুপ বি পদে ৯ জন, গ্রুপ সি পদে ২৮১ জন এবং গ্রুপ ডি পদে ১৫৮ জন।
