বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ মার্চ || সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনুতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ৩৩/১১ কেভি সাবস্টেশনের শুভ সূচনা করা হয়। এদিন দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে গিয়ে এই সাবস্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, আজ থেকে এই সাব স্টেশনটি জনগণের সেবায় নিয়োজিত থাকবে। তিনি বলেন, এই সাব স্টেশনটি কাজ শুরু করে দেওয়ায় গোটা শান্তিরবাজার মহকুমা সহ পার্শ্ববর্তী এলাকা সমূহে সুচারু ভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান সম্ভব হবে। এর ফলে এই মহকুমা এবং সংলগ্ন এলাকার মানুষেরা নিরন্তর বিদ্যুৎ পরিষেবা পেতে সমর্থ হবেন। তবে প্রত্যেকের কাছে বিদ্যুৎ মন্ত্রী অনুরোধ করে জানান, বিদ্যুৎ চুরি বন্ধে আপনারা প্রত্যেকেই সজাগ এবং সতর্ক থাকবেন। কোনভাবেই হুক লাইন বা বিদ্যুৎ চুরি হতে দেবেন না বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
