রাস্তাঘাটের বেহাল দশা এবং পাণীয় জলের সমস্যা, মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ মাইগঙ্গাবাসীর

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ জুন || কোন এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মানোন্নয়নে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট। কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার মানোন্নয়ন ঘটাতে গণদেবতারা দুহাত উজাড় করে নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত করেছিল এলাকার বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মাকে। ভোটে জয়ী হওয়ার প্রাক্কালে বিধানসভা এলাকার সাধারণ মানুষজনদের গাল ভরা বহু প্রতিশ্রুতি দিলেও ভোট পর্ব সাঙ্গ হতেই সাধারণ মানুষের কথা বেমালুম ভুলে গেছেন এলাকার জনপ্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই কথাগুলো আমরা বলছি না, এই কথাগুলো প্রতিক্রিয়াশীল সংবাদ মাধ্যম বলছে না, এই কথাগুলো বলছে মন্ত্রী বিকাশের নির্বাচনী এলাকার সাধারণ মানুষ।
জানা গেছে, ২৯-কৃষ্ণপুর বিধানসভা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে মন্ত্রী বিকাশ দেববর্মার বদান্যতায় বিতর্কের কেন্দ্র বিন্দুতে। আর এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পাণীয় জলের সমস্যায় যেমন নাজেহাল, ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের কাছে ছিল, অবশেষে রবিবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল বিভিন্ন স্তরের নর-নারীরা সম্মিলিতভাবে অভিযোগ করছেন মন্ত্রীর ভূমিকা নিয়ে।
এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, তাদের এলাকায় জনপ্রতিনিধিকে সঠিকভাবে তাই জানেন না তারা! ব্যাপারটি আশ্চর্যের হলেও সত্যি। প্রকৃত পক্ষে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে তখন কৃষ্ণপুর বিধানসভার উন্নয়ন একেবারেই মুখ থুবড়ে পড়েছে। কৃষ্ণপুর বিধানসভা লাগোয়া কল্যাণপুর কিংবা তেলিয়ামুড়াতে যখন সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যাবস্থার মানোন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও কৃষ্ণপুর জুড়ে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ভুগতে হয়, রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত হতে হয়। তখন আক্ষরিক অর্থে বলতেই হয় আর্থ সামাজিক ব্যাবস্থার মানোন্নয়নে পথে কৃষ্ণপুরের মানুষ সত্যি সত্যি দূরাবস্থার মধ্যে।
যে গণদেবতাদের ভোটে বর্তমানে মন্ত্রীত্বের স্বাদ গ্রহণ করছেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সেই গণদেবতারাই চাইছে  নিষ্কর্মা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অপসারিত করা হোক!
সাধারণ মানুষ বারবার যেন চিৎকার করে বলতে চাইছে আমরা তো দুই হাত ভরে ভোট দিয়েছি, এবার আমাদের আর্থ সামাজিক ব্যবস্থার মানোন্নয়নে প্রকৃত অর্থে জনদরদের নমুনা স্থাপিত হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*