আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || আগামী ২৭শে জুন অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র রথযাত্রা। এই উপলক্ষে আগরতলাস্থিত জগন্নাথ জিউ মন্দিরে চলছে জোরকদমে প্রস্তুতি। রথ সাজানো, মন্দির চত্বরে আলোকসজ্জা ও অন্যান্য আয়োজনে ব্যস্ত মন্দির কমিটি ও ভক্তরা।
রথযাত্রার পর ২৯শে জুন থেকে শুরু হবে ধর্মসভা, যা চলবে কয়েক দিনব্যাপী। এই ধর্মসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমন ঘটবে বহু সাধু-সন্ন্যাসী ও ধর্মগুরুর। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্টজন, সমাজসেবী ও ভক্তবৃন্দ।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের সুষ্ঠু অংশগ্রহণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ভক্তদের জন্য রাখা হয়েছে স্বাস্থ্য শিবির, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং নিয়মিত চিকিৎসা সহায়তা।
পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্যজুড়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ইতিমধ্যেই লক্ষ করা যাচ্ছে।
