আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || টিওডি (টাইম অফ ডে) ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার স্থাপন বন্ধ সহ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বটতলা এলাকায় এক গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের মাধ্যমে সেই স্মারকলিপি পাঠানো হবে।
বিদ্যুৎ গ্রাহক সমিতির সাত দফা মূল দাবি হলো:
১. বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ করা এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার।
২. টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করা।
৩. গৃহস্থালিতে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ।
৪. ন্যূনতম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনশন চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ প্রভৃতি অতিরিক্ত চার্জ আদায় বন্ধ করা।
৫. পুরাতন বিদ্যুৎ পরিবাহী লাইনসমূহ সংস্কার করে স্থায়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লো-ভোল্টেজ ও লোড শেডিং বন্ধ করা।
৬. ‘পি এম সূর্য’ যোজনায় অফ-গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনে ৬০% ভর্তুকি প্রদান।
৭. আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী মিটার রিডার ও লাইনম্যান নিয়োগ।
এই দাবিগুলির প্রতি জনসাধারণের বিপুল সমর্থন মিলেছে বলে জানায় সংগঠন। বটতলা ছাড়াও আগামী দিনগুলিতে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই ধরণের গণস্বাক্ষর অভিযান চালানো হবে বলেও জানানো হয়।
বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় এই ধরণের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
