আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ জুলাই || নিয়মিত রুটিন তল্লাশি অভিযানে আবারও বড় সাফল্য পেল শান্তিরবাজার থানার পুলিশ। মঙ্গলবার শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় চলা তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে যাত্রারত কুয়েশা কৃষ্টি পরিবহণের একটি বাস (নম্বর TR-07-1203)-এ তল্লাশি চালানোর সময় এক যাত্রীর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ আরও গভীর অনুসন্ধান চালায়। তল্লাশিতে ধরা পড়ে শ্যামল সরকার (৪৩) নামে এক যাত্রীর কাছ থেকে ৫টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা।
ধৃত শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বরজলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই গাঁজাগুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুমের মনু এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম পবিত্র দাস এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করেন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শ্যামল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সফল অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন শান্তিরবাজার থানার অফিসার ইনচার্জ আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক বাপি দের্বমা।
এই প্রসঙ্গে শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা জানান, “মাদক বিরোধী অভিযান আগামী দিনেও চলবে। পুলিশের নজরদারি আগের চেয়েও কড়াকড়ি করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
এদিনের সফল অভিযান শান্তিরবাজার থানার সক্রিয় ভূমিকারই প্রমাণ রাখল বলে মনে করছেন স্থানীয় মহল।
