বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, অবহেলার অভিযোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ আগস্ট || শান্তিরবাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষন ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যুতের সংস্পর্শে আসেন লক্ষন ত্রিপুরা। এরপর স্থানীয়রা একাধিকবার অ্যাম্বুলেন্স ও যানবাহনের জন্য যোগাযোগ করলেও সময়মতো কোনো যানবাহন না আসায় বাধ্য হয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ, খবর দেওয়ার প্রায় ৩০ মিনিট পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দাবি, সময়মতো চিকিৎসা পরিষেবা পাওয়া গেলে লক্ষন ত্রিপুরার প্রাণ বাঁচানো যেত।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামের যাতায়াতের রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। সরু জমির বাঁধকে ভরসা করে পাঁচটি পরিবারের প্রায় ২০ জন ভোটার প্রতিদিন চলাফেরা করেন। গাড়ি প্রবেশ করতে না পারায় বর্ষাকালে বিশেষত চরম দুর্ভোগে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, বহুবার রাস্তা সংস্কারের জন্য প্রধান ও মেম্বারদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—রাস্তার এই বেহাল দশা এবং দমকল বাহিনীর দেরি করেই মূলত লক্ষন ত্রিপুরার অকালমৃত্যু হয়েছে। তিন সন্তান পিতৃহারা এবং এক গৃহবধূ স্বামীহারা হয়ে পড়েছেন।
মঙ্গলবার শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*