শিক্ষক সংকটে সমরেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ, দাবিতে শ্রীনগর-বিলোনিয়া সড়ক অবরোধ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || তীব্র শিক্ষক সংকট ও পানীয় জলের সমস্যার প্রতিবাদে শ্রীনগর-বিলোনিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সমরেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন পোয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত এলাকায় এই অবরোধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে বর্তমানে মোট ৬৩ জন ছাত্রছাত্রী রয়েছে। অথচ তাঁদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন মাত্র দুইজন শিক্ষক। ফলে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় নিয়মিত পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।
এদিনের আন্দোলন থেকে মূলত দুটি দাবি সামনে আসে। প্রথমত, বিদ্যালয়ে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
অভিভাবকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যাগুলি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।
এদিকে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কটি সকালেই অবরুদ্ধ হয়ে পড়ায় শ্রীনগর-বিলোনিয়া সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী, অফিসগামী মানুষ থেকে শুরু করে পণ্যবাহী বিভিন্ন যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী। তাঁরা আন্দোলনকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পাশাপাশি তাঁদের দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।
তবে দীর্ঘদিনের শিক্ষক সংকটের দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*