গোপাল সিং, খোয়াই, ১০ আগস্ট || শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও জুমিয়াদের স্বার্থসংশ্লিষ্ট ১১ দফা দাবিকে সামনে রেখে খোয়াই শহরে ‘জেল ভরো’ আন্দোলন সংগঠিত করল সিআইটিইউ (CITU), এআইকেএস (AIKS), টিকেএমইউ (TKMU) এবং গণমুক্তি পরিষদ (GMP)। সোমবার এই কর্মসূচিকে কেন্দ্র করে খোয়াই শহরে বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।
এদিন খোয়াই শহরের ঐতিহাসিক সুভাষপার্ক সংলগ্ন অঞ্চল অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মিছিল। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবির মধ্যে রয়েছে কেন্দ্র সরকারের চারটি নতুন শ্রম কোড অবিলম্বে বাতিল, বেহাল জাতীয় সড়ক দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করা, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক অস্বাভাবিক বিদ্যুৎ বিল কমানো।
এর পাশাপাশি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (ADC)-এর হাতে আরও ক্ষমতা প্রদান এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা।
এদিনের মিছিলে সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা যায় খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, বিশিষ্ট সিপিআই(এম) নেতা কানন দত্ত-সহ বামপন্থী গণসংগঠনগুলোর একাধিক নেতৃত্বকে।
১১ দফা দাবির সমর্থনে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খোয়াই শহরে ব্যাপক মানুষের সমাগম হয়। বিভিন্ন দাবি ও জনস্বার্থের বিষয় সামনে রেখে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করার বার্তা দেন বামপন্থী সংগঠনগুলোর নেতৃত্ব।
