সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ আগস্ট || সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়াতেও আইন অমান্য তথা জেল ভরো আন্দোলনে সামিল হল বামফ্রন্ট। সোমবার তেলিয়ামুড়া সিপিআই(এম) মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
এদিন তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে বাম কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুহনী এলাকায় পৌঁছায়। সেখানে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তেলিয়ামুড়া পোস্ট অফিস ঘেরাও করেন আন্দোলনকারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও ছিল ব্যাপক প্রস্তুতি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএম সহ তেলিয়ামুড়া থানার পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আন্দোলনকারীরা পোস্ট অফিসের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে আইন অমান্য কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএমের নেতৃত্ব ও কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের পরে তেলিয়ামুড়া টাউন হল মাঠে নিয়ে যাওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ, কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মনিন্দ্রচন্দ্র দাস, হেমন্ত কুমার জমাতিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ বলেন, “রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থের বিষয়কে সামনে রেখেই বামেদের পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সাধারণ মানুষের জীবন-জীবিকা আজ নানা সমস্যায় জর্জরিত। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, শ্রমজীবী মানুষের সমস্যা, সরকারি পরিষেবার দুরবস্থা-সহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সমাধানের দাবিতেই এই আন্দোলন।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের পথে যেতে হয়েছে। মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বামফ্রন্টের আন্দোলন আগামী দিনেও আরও বৃহত্তর আকারে চলবে।”
সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির কারণে সাধারণ মানুষকে নিত্যদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই জনস্বার্থের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যজুড়ে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তেলিয়ামুড়াতেও সেই কর্মসূচির অংশ হিসেবেই সোমবার আইন অমান্য তথা জেল ভরো আন্দোলন সংগঠিত করা হয়।
অন্যদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে এদিনের আইন অমান্য কর্মসূচির সমাপ্তি ঘটে।
