শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বর্ণাঢ্য কাঁওয়ার যাত্রা, শিবভক্তদের ঢল

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || পবিত্র শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কাঁওয়ার যাত্রা। দেবাদিদেব মহাদেবের আরাধনায় আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিকে ঘিরে সোমবার সকাল থেকেই সাব্রুম শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ। কাঁওয়ার যাত্রায় পুরুষের পাশাপাশি মহিলা শিবভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সোমবার ভোর প্রায় ৫টা থেকেই সাব্রুমের ঐতিহ্যবাহী দ্বৈত্যশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন অসংখ্য শিবভক্ত। স্থানীয় একটি পবিত্র জলাশয় থেকে ঘড়া ও কলসিতে জল সংগ্রহ করে কাঁওয়ার যাত্রার প্রস্তুতি নেন তাঁরা।
এরপর সকাল ৬টা নাগাদ কাঁধে বাঁক ও পবিত্র জল নিয়ে ভক্তরা দ্বৈত্যশ্বরী কালী মন্দির থেকে জলেফা শঙ্কর মঠের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। ‘বোল বোম’ ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা যাত্রাপথ। রঙিন পোশাকে সজ্জিত শিবভক্তদের এই পদযাত্রা সাব্রুম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এগিয়ে যায় জলেফা শঙ্কর মঠের দিকে।
কাঁওয়ার যাত্রা প্রসঙ্গে আয়োজক কমিটির অন্যতম সদস্য ছবি সরকার জানান, শ্রাবণ মাস মহাদেবের আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসের চতুর্থ সোমবারকে শুভ ও ফলদায়ক মনে করে এলাকার মহিলারা একত্রিত হয়ে এই কাঁওয়ার যাত্রার আয়োজন করেছেন। সকলের মঙ্গল ও শান্তি কামনাই এই ধর্মীয় কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
পরে জলেফা শঙ্কর মঠে পৌঁছে ভক্তরা সংগৃহীত পবিত্র জল দিয়ে মহাদেবের জলাভিষেক করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও পারস্পরিক সৌহার্দ্যের আবহে দুপুরের মধ্যেই সম্পন্ন হয় কাঁওয়ার যাত্রা ও জলাভিষেক পর্ব। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*