বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার পুলিশ মানাইপাথার এলাকায় মাটির নিচে পুঁতে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১২২.১০০ কেজি। ঘটনায় বাড়ির মালিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পি.আর. বাড়ি থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ছিলেন এসআই রতন রবি দাস, এসআই নিরণ দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ-সহ ডিসিএম ও বিএলএন-এর প্রতিনিধিরা। তল্লাশি অভিযানে তদন্তে সহায়তার জন্য উদয়পুরের জেলা মোবাইল ফরেনসিক টিমকেও যুক্ত করা হয়।
অভিযানকারী দল দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথার এলাকার বাসিন্দা প্রয়াত মনমোহন মজুমদারের পুত্র দুলাল মজুমদার (৫৫)-এর বাড়িতে হানা দেয়। সন্দেহভাজন কয়েকটি স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি মাটি খনন করা হলে মাটির নিচে পুঁতে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয়। ড্রামগুলির ভিতর থেকে মোট ১২২.১০০ কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পাশাপাশি TR-08-E-0656 নম্বরের একটি গাড়িও জব্দ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পি.আর. বাড়ি থানায় NDPS আইনের ২০(বি)(২)(সি)/২৫/২৯ ধারায় মামলা নম্বর ৩০/২০২৬ নথিভুক্ত করা হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া মাদক কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
