বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবিকা সুনিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুরাতন টাউন হলে সোমবার অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক পঞ্চায়েত সম্মেলন। ‘Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission, Gramin (VB–G RAM G) Act, 2025’-এর রূপরেখা বাস্তবায়নের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনায় সম্মেলন বিশেষ তাৎপর্য লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী দ্বিপায়ন চৌধুরী। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে গ্রামীণ এলাকায় নতুন আইনের কার্যকর বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবিকা সুনিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পঞ্চায়েত স্তরে পরিকল্পনা গ্রহণ ও সরকারি প্রকল্পগুলির সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই ধরনের জেলা ভিত্তিক সম্মেলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে।
