গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || ধর্মনগরের ব্যস্ততম কালীবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত অমৃত রেস্টুরেন্টে শনিবার রাতে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। বিশেষ চাঞ্চল্যের বিষয় হলো—যে ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে ধরা পড়তে দেখা গেছে, ঠিক একদিন আগেই সে লকআপ থেকে জামিনে ছাড়া পেয়েছিল!
রেস্টুরেন্টের মালিক অমৃত রায় জানান, প্রতিদিনের মতো সকালে কর্মচারীরা দোকান খুলতেই দেখেন ভেতরে সব ওলটপালট। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেখা যায়, রান্নাঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করেছে চোর। প্রবেশের পর প্রথমেই সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় সে। তবুও প্রবেশের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে। অমৃত রায় পুলিশে খবর দিলে ধর্মনগর থানার আধিকারিকরা এসে তদন্ত শুরু করেন। ফুটেজ পর্যালোচনা করে তারা জানান, অভিযুক্তকে আগের দিনই লকআপ থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। অথচ রাতারাতি আবারও চুরির ঘটনায় জড়িয়ে পড়েছে সে।
ব্যবসায়ী অমৃত রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি লকআপ থেকে বেরিয়েই চোরেরা আবার একই অপরাধ করে, তবে মানুষ কাকে ভরসা করবে? আইনশৃঙ্খলা যদি এভাবে ব্যর্থ হয়, তাহলে জনতা একদিন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।” উল্লেখযোগ্য যে, অমৃত রেস্টুরেন্টের আশপাশেই রয়েছে মহকুমাশাসক এবং জেলা বিচারপতির সরকারি বাসভবন। এত গুরুত্বপূর্ণ এলাকায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তীব্রভাবে। প্রশ্ন এখন একটাই—আইনশৃঙ্খলা রক্ষায় এত ফাঁকফোকর কেন?
