গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর || নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল খোয়াই মহিলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মুরাবাড়ি এলাকায় এক বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করে তারা। অভিযানে মোট ৬০ বোতল বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকারও বেশি। শুধু তাই নয়, পাচারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা বেশ কিছু কাঠও উদ্ধার করেছে পুলিশ। খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা সাংবাদিকদের জানান, অভিযানে ধৃত ব্যক্তির বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
