আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || পূজার আগমুহূর্তে রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং ব্যস্ত রাস্তায় বেআইনি ভাবে দাঁড় করানো গাড়ি এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখা পরিত্যক্ত গাড়িগুলি সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন।
থানা সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গোৎসবে বিপুল দর্শনার্থীর ভিড় সামলাতে এবং জনসাধারণ যাতে নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন, তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, “শহরের পরিবেশ ও যান চলাচলকে স্বাভাবিক রাখতে এবং পূজার দিনে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।”
শহরজুড়ে উৎসবের আবহে এই পদক্ষেপে সাধারণ মানুষও স্বস্তি বোধ করছেন।
