বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ অক্টোবর || আসন্ন দীপাবলি ও কালীপূজা উপলক্ষে সোমবার শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ী পিলাক পার্কিং জোনের মা মহেশ্বরী কালিমন্দির কালীপূজা কমিটির উদ্যোগে এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও পূজাকমিটির সদস্যরা।
সভায় পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজাকমিটির উদ্যোক্তারা জানান, অন্যান্য বছরের ন্যায় এবছরও উৎসবের সাজে মেতে উঠবে সমগ্র এলাকা। তবে এবছর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে “লোকাল ফর ভোকাল” উদ্যোগে। পূজামেলা প্রাঙ্গণে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসাহিত করা হবে এবং দোকানদারদের কাছ থেকে কোনো প্রকার ভিটি বা ভাড়া নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
পূজাকমিটির সদস্যরা আরও জানান, আলোর উৎসব দীপাবলির সঙ্গে মিল রেখে মা মহেশ্বরী কালীপূজা উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে সব প্রস্তুতি জোরকদমে চলছে। তারা সকল ভক্ত ও দর্শনার্থীদের পূজাস্থলে উপস্থিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
