আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || আগামী ১লা ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা আয়োজন করছে IBBF অনুমোদিত ত্রিপুরার একমাত্র সংস্থা—ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন (TBFA)। এই উপলক্ষ্যে বৃ্হস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তনয় দাস জানান, ত্রিপুরার প্রতিভাবান বডি বিল্ডার ও ফিটনেস অনুরাগীদের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের অভিনব সুযোগ এনে দিচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করছেন। প্রতিযোগিতাকে সফল করতে প্রস্তুতি তুঙ্গে।
এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। TBFA–র পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় বিভিন্ন ওজনশ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। খেলাধুলার উন্নয়ন ও যুবসমাজকে ফিটনেসে উৎসাহিত করাই সংস্থার মূল লক্ষ্য।
রাজ্যে বডি বিল্ডিং–এর প্রসারে এই চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন আয়োজকরা।
