দীপান্বিতার মৃত্যুতে হৃদয়বিদারিত মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ জারি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের অকাল প্রয়াণে রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র কয়েকদিনের অসুস্থতার পর জিবি হাসপাতালে মৃত্যু হয় এই নিষ্পাপ শিশুটির। ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
শনিবার যোগেন্দ্রনগরে নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর এই অকাল প্রয়াণ সত্যিই হৃদয়বিদারক ও বেদনাদায়ক। পরিবারের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
মুখ্যমন্ত্রী আরও জানান, জিবি হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে তাঁর দপ্তরের পক্ষ থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর জীবনযুদ্ধে ফিরে আসতে পারেনি দীপান্বিতা।
ঘটনার যথাযথ তদন্তের জন্য ইতিমধ্যে জেলা শাসক ও শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
দীপান্বিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*