গোপাল সিং, খোয়াই, ০৬ ডিসেম্বর || শনিবার খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রফুল্লতায় ভরে ওঠে জি-নেক্সট মডেল স্কুল, খোয়াই শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন হয় সমবেত দেশাত্মবোধক নৃত্যের মাধ্যমে, যেখানে ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শকরা। এরপর মনোমুগ্ধকর পিটি প্রদর্শনী মাঠজুড়ে এক অনন্য শৃঙ্খলা ও সৌন্দর্যের রূপ তুলে ধরে। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে কচিকাঁচাদের অংশগ্রহণে প্রতিযোগিতা হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। বিশেষ অতিথি ছিলেন খোয়াই জেলার মাননীয় ইন্সপেক্টর অব স্কুলস প্রবেন কুমার দেববর্মা। অনুষ্ঠানটির অধিষ্ঠাতা ছিলেন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি অঞ্জন গোস্বামী।
বিদ্যালয়ের প্রিন্সিপাল অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনে শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অপরদিকে, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় শিশুদের খেলাধুলার প্রতি আরও বেশী মনোযোগী হওয়ার বার্তা দেন এবং খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা বলেন, জি-নেক্সট স্কুল বরাবরই শারীরিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী উদ্যোগ গ্রহন করে থাকে।
দিনের শেষে স্কুলের পক্ষ থেকে বিজয়ীদের হাতে প্রদান করা হয় পুরস্কার। সার্বিকভাবে আয়োজনটি খোয়াইবাসীর কাছে প্রশংসিত হয় এবং শিশুদের উৎসাহ, প্রতিভা ও আনন্দে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
