আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বুধবার সকালে আগরতলায় এক বৃহৎ সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচির সূচনা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে।
র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে কর্মন চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে উমাকান্ত একাডেমি মাঠের মুক্তমঞ্চে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে এনসিসি, এনএসএস, উইমেন্স কলেজ, বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সংগঠন এবং বিপুল সংখ্যক যুব-যুবতী অংশগ্রহণ করেন। মাদকবিরোধী বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিংকু রায়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিন অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা (Director) এবং দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে সচেতন করা।
