আগরতলায় জব ফেয়ার, বিভিন্ন পদে ৪৮টি শূন্যপদ পূরণের উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় শনিবার আগরতলাস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থায় নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন পদে মোট ৪৮টি শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়।
এই জব ফেয়ারে মূলত ত্রিপুরাভিত্তিক বিভিন্ন বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান দপ্তরের অধিকর্তা অসীম সাহা।
তিনি আরও জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই নিয়মিতভাবে এই ধরনের জব ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এদিন বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী প্রার্থী জব ফেয়ারে অংশগ্রহণ করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রাথমিক ইন্টারভিউতে অংশ নেন।
উল্লেখ্য, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের মাধ্যমে চাকরি প্রত্যাশী যুবসমাজকে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*