আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || নিজে সুস্থ থেকে সকলকে সুস্থ রেখে সমাজের সেবায় নিয়োজিত থাকতে পারাই জীবনের লক্ষ্য—জন্মদিনের দিন এমনই মানবিক বার্তা দিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। রবিবার কৃষ্ণনগরের ক্লাব ছাত্র সংঘে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
এদিন তাঁর উপস্থিতিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স জনগণের পরিষেবায় তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্বোধনী ভাষণে মেয়র দীপক মজুমদার বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তাঁর উন্নয়ন তহবিলের অর্থে মানুষের উপকারে আসবে এমন একটি পরিষেবা প্রদান করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও উল্লেখ করেন, প্রয়াত রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাকে একাধিক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির যথাযথ ব্যবহার হয়নি। এর ফলে সরকারি অর্থের অপচয় হয় এবং দানকারীর উদ্দেশ্যও ব্যর্থ হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তাঁর প্রথম প্রদত্ত অ্যাম্বুলেন্সটি যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে সর্বদা জনগণের সেবায় নিয়োজিত রাখা হয়, সেই আশা প্রকাশ করেন তিনি।
রক্তদান শিবির প্রসঙ্গে মেয়র বলেন, স্বেচ্ছায় রক্তদান রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রায় ১২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ক্রয় করা এই অক্সিজেন সাপোর্ট-সহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টাই রোগীদের পরিষেবায় নিয়োজিত থাকবে। জরুরি প্রয়োজনে ৮৮৩৭৪৮৬৩১২ অথবা ৯৪০২১৫৪০৯১ নম্বরে ফোন করলেই অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে।
