গোপাল সিং, খোয়াই, ১৯ জানুয়ারি || সালেমা এলাকায় শনিবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে সিপিআইএম ও তিপ্রা মাথা দল থেকে একযোগে সাতটি পরিবারের মোট ৩৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সালেমা বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিজেপিতে শামিল হন।
এই যোগদানকে ঘিরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো সিপিআইএম দলের সালেমা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সম্পাদক হরেন্দ্র দাসের বড় ভাই জিতেন্দ্র দাসের দলত্যাগ। দীর্ঘ প্রায় দুই দশক ধরে সালেমা বাজারের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা জিতেন্দ্র দাস সিপিআইএমের একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর বিজেপিতে যোগদান স্থানীয় রাজনৈতিক মহলে নতুন সমীকরণ ও জল্পনার জন্ম দিয়েছে।
নবাগত সদস্যরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার স্বচ্ছ ও জনমুখী প্রশাসনের ওপর আস্থা রেখেই তাঁরা বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের দাবি, বর্তমান সরকার উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
যোগদান সভায় উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল, বিজেপি মণ্ডল সভাপতি সুভাষ আহির, ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, জেলা প্রাক্তন সাধারণ সম্পাদক পরিতোষ পাল, সালেমা আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান ননীগোপাল কর, সিঙ্গিনালা পঞ্চায়েতের প্রধান গোপা দাস সহ বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব।
