গোপাল সিং, খোয়াই, ১৯ জানুয়ারি || ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে খোয়াই থানার উদ্যোগে আজ উত্তর চেবরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ ‘প্রয়াস’ বিট মিটিং। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা আইন, মাদক অপব্যবহার প্রতিরোধ, নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান উত্তম অধিকারি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আলোচনায় পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের জীবনে শৃঙ্খলা, নিরাপদ আচরণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষভাবে মাদকাসক্তির ভয়াবহ প্রভাব সম্পর্কে আলোচনা করে ‘Say Yes to Life, No to Drugs’ বার্তাটি তুলে ধরা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মোট ২৩টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে ত্রিপুরাকে মাদকমুক্ত ও নিরাপদ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে খোয়াই পুলিশ।
