আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব ‘পৃথিবা লাই-হারাওবা’-এর ১৬তম বর্ষের উৎসব ও মেলা সোমবার থেকে শুরু হয়েছে। ১৯শ জানুয়ারি থেকে আগামী ২৩শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই পাঁচ দিনব্যাপী উৎসব। আগরতলার অন্দর্নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।
পৃথিবা ওয়েল ফেয়ার এন্ড কালচারাল সোসাইটি ও পৃথিবা লাই-হারাওবা কমিটি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এল. সুশিন্দ্রো মৈতেই, এস. দীপক কুমার সিনহা (সভাপতি), কন্থৌজম জয় চন্দ্র (বিশেষ অতিথি), হীরালাল দেবনাথ (বিশেষ অতিথি), সমাজসেবী পাপিয়া দত্ত সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা।
উদ্বোধনী দিনে মণিপুরী সংস্কৃতির আদি দেবদেবীর পূজা, ঐতিহ্যবাহী লাই-হারাওবা নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই লোকোৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবের মাধ্যমে মণিপুরী জনগোষ্ঠীর প্রাচীন সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। পাশাপাশি সাংস্কৃতিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় আচার, লাই-হারাওবা নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ ইতিমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে।
