বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ ফেব্রুয়ারী || শনিবার থেকে সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লকের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সরকারি মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের মাঠে এই ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জানা গেছে, আমলিঘাট ও মাধবনগর এলাকার কৃষকদের কাছ থেকে নির্ধারিত সরকারি মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাচ্ছেন স্থানীয় কৃষকরা এবং তাঁদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে।
এ বিষয়ে পোয়াংবাড়ি ব্লক কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এস ও জিতেন ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, সরকার কৃষকদের স্বার্থে এই ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করেছে। নির্ধারিত নিয়ম মেনেই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি মূল্যে ধান বিক্রি করতে পেরে তাঁরা যথেষ্ট উপকৃত হচ্ছেন। এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে মত তাঁদের।
