বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ ফেব্রুয়ারী || MGNREGA পুনরায় চালু করা ও শ্রমবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বানে শনিবার সাব্রুম শহরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে এগারটা নাগাদ সাব্রুম টাউন এলাকায় সংগঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও বামপন্থী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের শুরুতেই সিআইটিইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিপ্লব সান্যাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, কেন্দ্র সরকারের শ্রমবিরোধী নীতির ফলে শ্রমিকদের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে এবং অবিলম্বে MGNREGA প্রকল্প পুনরায় চালু করা না হলে গ্রামীণ অর্থনীতি চরম সংকটে পড়বে।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সঞ্জীব দে, আখিও মগ ও মিহির পাটারী। বক্তারা কেন্দ্র সরকারের শ্রমকোড প্রত্যাহার, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা আগামী ১২ই ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে সাব্রুম শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়েছে।
