পিকনিকের আগে পরিচ্ছন্নতা অভিযান, গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী যুবকদের দৃষ্টান্তমূলক উদ্যোগ

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ ফেব্রুয়ারী || পরিবেশ রক্ষায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী যুবকরা। রবিবার গন্ডাছড়া বাজার কমিটির উদ্যোগে ডুম্বুর জলাশয়ের নাইরাহা চৌধুরী পাড়ায় আয়োজিত বনভোজনে অংশ নিতে গিয়ে পিকনিক শুরুর আগেই তারা হাতে নেন পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব।
বনভোজনস্থলে পৌঁছে ব্যবসায়ী যুবকরা দেখতে পান, জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্লাস্টিক বোতল ও নানা ধরনের আবর্জনা ছড়িয়ে রয়েছে। পূর্ববর্তী পিকনিক পার্টি ও পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্যে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পরিস্থিতি দেখে নিজেদের আনন্দ-উৎসব শুরু না করে প্রথমেই তারা সকলে মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা আবর্জনামুক্ত করে তবেই তারা বনভোজনের কার্যক্রম শুরু করেন। তাদের এই উদ্যোগ ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রকৃত তাৎপর্যকে আরও একবার তুলে ধরেছে।
পিকনিকে অংশ নেওয়া যুবকরা জানান, ডুম্বুর জলাশয়ের মতো সুন্দর পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রকৃতি বাঁচাতে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি বলেও তারা মত প্রকাশ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বাজার কমিটির সম্পাদক তরুণ দেবনাথ, এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার, গৌরাঙ্গ দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা।
বাজার কমিটির পক্ষ থেকে ডুম্বুর জলাশয়ে পিকনিক ও ভ্রমণে আসা সকল পর্যটক ও দর্শনার্থীদের প্রতি বিশেষ আবেদন জানানো হয়েছে—যেন কেউ যত্রতত্র প্লাস্টিক বা আবর্জনা ফেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করেন। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারাও গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী যুবকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন সচেতনতামূলক কর্মসূচি এলাকার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*