এফসিআই গোডাউনে চালকের উপর নৃশংস হামলার অভিযোগ, ভাঙল হাত, দুর্নীতির ইঙ্গিতে চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ০৮ ফেব্রুয়ারি || উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বটরশি এলাকায় অবস্থিত এফসিআই গোডাউনে শনিবার এক গুরুতর ও নিন্দনীয় ঘটনার অভিযোগ উঠেছে। লরি নিয়ে পরিমাপের সময় গোডাউনের ইনচার্জ এক লরি চালককে প্রকাশ্যে ‘চোর’ বলে অপমান করেন বলে অভিযোগ। এই মন্তব্যকে কেন্দ্র করেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও অন্যান্য লরি চালকদের অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে গোডাউনের ইনচার্জ ও কর্তব্যরত সিকিউরিটি গার্ড মিলিতভাবে লরি চালকের উপর শারীরিক হামলা চালান। অভিযোগ অনুযায়ী, সিকিউরিটি গার্ড চালকের গলা চেপে ধরে আটকে রাখেন এবং সেই সুযোগে ইনচার্জ বেধড়ক মারধর শুরু করেন।
এই হামলায় লরি চালক রাজিব গুরুতর আহত হন এবং তাঁর একটি হাত ভেঙে যায় বলে জানা গেছে। আহত চালকের লরির নম্বর TR02A1790। অপরদিকে, সংঘর্ষের সময় গোডাউনের ইনচার্জের মাথাতেও আঘাত লাগে বলে খবর।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধর্মনগর দমকল দপ্তরের সহায়তায় উভয় আহতকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এফসিআই গোডাউনে কর্মরত অন্যান্য লরি চালকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোডাউনের ইনচার্জ ও সিকিউরিটি গার্ড চালকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। অভিযোগ মানতে অস্বীকার করলে লরি বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন চালকেরা।
লরি চালকদের একাংশের মতে, এই ঘটনা শুধুমাত্র একটি হাতাহাতির বিষয় নয়, বরং ক্ষমতার অপব্যবহার এবং শ্রমজীবী মানুষের উপর নিয়মিত মানসিক ও শারীরিক চাপের প্রতিফলন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এফসিআই-এর মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার গোডাউনে এই ধরনের অভিযোগ সামনে আসায় প্রশাসনিক নজরদারি ও দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*