আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || পশ্চিম থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোট ৩০টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলি আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুলিশ সুপার নমিত পাঠক জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধার করে ফিরিয়ে দেওয়াই পুলিশের অন্যতম দায়িত্ব। প্রযুক্তির সহায়তায় ও নিরবচ্ছিন্ন অনুসন্ধানের মাধ্যমে এই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
মোবাইল ফিরে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন উপকৃত নাগরিকরা। তাঁরা পশ্চিম থানার পুলিশ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হলো বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও হারানো মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
