কবিতার আবেগে আন্দোলিত সন্ন্যাসী টিলা: আমলিঘাটে তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসবের বর্ণাঢ্য সূচনা

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৮ ফেব্রুয়ারী || কবিতা মানে আবেগ, কবিতা মানে সৃষ্টি—সুখ-দুঃখ, প্রেম-বিরহের এক অনন্য ভাষা। সেই ভাবনাকে সামনে রেখেই আমলিঘাটের সন্ন্যাসী টিলায় রবিবার সকালে শুরু হলো তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসব। কবিতা, গান ও গল্পের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে উৎসব চত্বর।
উৎসবের উদ্বোধন করেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক অলোক কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোয়ানবাড়ি ব্লকের চেয়ারম্যান মনিবালা বৈদ্য দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সন্দীপ শাহ, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার।
কবি ও সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক দাস, অশোক নন্দ রায় বর্ধন, সাহিত্যিক সাচিরাম মালিক, কবি শংকর সাহা, কবি অমিতাভ ঘোষ-সহ রাজ্যের বহু খ্যাতনামা কবি ও সাহিত্যিক। তাঁদের উপস্থিতিতে রাজ্যের কবিদের সমস্ত পথ যেন এসে মিলেছে আমলিঘাটের সন্ন্যাসী টিলায়।
দিনভর কবিতা পাঠ, কবিতা গান ও গল্পের আসরে উৎসব চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল। সাহিত্যপ্রেমী দর্শকদের অংশগ্রহণে তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*