গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী || জিরানিয়া রেলস্টেশনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগরতলার বাধারঘাট রেলস্টেশনে ফের বড়সড় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে আগরতলা রেল পুলিশ ও আরপিএফের যৌথ দল।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ট্রেনের পার্সেল ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহজনক বেশ কয়েকটি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মোট পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণের কাজ সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা প্রক্রিয়া চলছিল।
রেল পুলিশ ও আরপিএফের আধিকারিকরা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত চক্রের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে। পার্সেল বুকিং সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এই চালানের সঙ্গে যুক্ত, তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
একদিকে জিরানিয়া, অন্যদিকে বাধারঘাট—পরপর দুটি বড় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রাজ্যে ফের নেশা কারবারের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। রাজ্যবাসীর প্রশ্ন, লাগাতার অভিযান ও উদ্ধার সত্ত্বেও কবে এই অবৈধ ফেনসিডিল বাণিজ্য পুরোপুরি বন্ধ হবে?
