আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে তুঙ্গে উত্তেজনা। ইতিমধ্যেই ২৮টি আসনেই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত দলের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, দিল্লির চূড়ান্ত সিলমোহর পেলেই মঙ্গলবার সকালেই প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এডিসি নির্বাচনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনী কৌশল—সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
অন্যদিকে, এডিসি নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও মিলছে। তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ সোমবার এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “তিপ্রাসাদের সঙ্গে কোনওভাবেই বেইমানি করা হবে না।” তিনি আরও বলেন, ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন ও স্পষ্ট গ্যারান্টি ছাড়া কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না তার দল।
সবমিলিয়ে, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপির প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে, তেমনই অন্যদিকে জোট রাজনীতিতে অনিশ্চয়তার আবহ আরও ঘনীভূত হচ্ছে। আগামী দিনে এই সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
