শিক্ষক স্বল্পতা দূরীকরণের দাবিতে স্মারকলিপি, এসএফআইয়ের ডেপুটেশন

গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || শিক্ষক স্বল্পতার জেরে পাঠদানে বিঘ্ন ঘটার অভিযোগ তুলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) খোয়াই বিভাগীয় কমিটি। মঙ্গলবার বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষকের নিকট এই ডেপুটেশন জমা দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্রমশ অবনতি ঘটছে। প্রাথমিক স্তরকে শিক্ষার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা জানায়, এই পর্যায়ে শিক্ষক স্বল্পতা ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
স্মারকলিপিতে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীল, সৌম্য শুভ্র বণিক সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*