আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ || পশ্চিম দুনিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিলেও, ভারতে আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। দেশের প্রতিটি রাজ্যে পেট্রোল ও গ্যাসের প্রায় ১২ দিনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ট্রান্সিটের মাধ্যমে নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
তবে এরই মধ্যে কিছু অসাধু চক্র গুজব রটিয়ে পেট্রোপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কালবাজারির মাধ্যমে অধিক মূল্যে বিক্রির চেষ্টা করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে আয়োজিত হলো একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
শহরের প্রজ্ঞা ভবনের হল-১ এ অনুষ্ঠিত এই জনসচেতনতা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। সভায় তিনি স্পষ্টভাবে জানান, রাজ্যে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “কিছু অসাধু ব্যক্তি মিথ্যা তথ্য ছড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি রাজ্যের পেট্রোল ও গ্যাস ডিলারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং কালবাজারি রোধে তাঁদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ডিলাররাও তাঁদের মতামত তুলে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।
সরকারি এই উদ্যোগের ফলে জ্বালানি বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
