গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খোয়াই জেলা পুলিশ। মঙ্গলবার রাতে ৯-হালহালি-আশারামবাড়ী আসনের অন্তর্গত লাঠাবাড়ী এলাকার দুটি পোলিং স্টেশন সংলগ্ন অঞ্চলে ফ্ল্যাগমার্চ অভিযান চালানো হয়।
খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কৃষ্ণধন সরকারের নেতৃত্বে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এই যৌথ ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়। কেবল ফ্ল্যাগমার্চই নয়, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও টিএসআর জওয়ানরা পায়ে হেঁটে টহল (ফুট পেট্রোলিং) এবং যানবাহনের গতিবিধি নজরদারি (ভেহিক্যাল মুভমেন্ট) করার মতো পদক্ষেপও গ্রহণ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক এসআই দেবপ্রসাদ চক্রবর্তী জানান, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, টিটিএএডিসি নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের নিরাপত্তা মূলক কর্মসূচি নিয়মিতভাবে চলতে থাকবে।
পুলিশ প্রশাসনের এই তৎপরতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে খোয়াই থানার পুলিশ ও টিএসআর বাহিনী।
