আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ: মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ তিপ্রা মথা পার্টির

গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে সরব হলো তিপ্রামথা পার্টি। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ৯-হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রের নির্বাচনী প্রচার চলাকালীন মন্ত্রী বিকাশ দেববর্মা এক বিতর্কিত মন্তব্য করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, মন্ত্রী জনসভায় দাবি করেছেন যে, টিটিএএডিসি নির্বাচনে তিপ্রা মথাকে দেওয়া ভোট সরাসরি বিজেপির অ্যাকাউন্টে চলে যাবে। তিপ্রা মথার দাবি, এই ধরণের বিভ্রান্তিকর বক্তব্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। একে গণতান্ত্রিক প্রক্রিয়ার অবমাননা বলেও উল্লেখ করেছে দলটি।
এখানেই শেষ নয়, মন্ত্রীর বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা ও সরকারি গাড়ি নির্বাচনী প্রচারে ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মন্ত্রীর সরকারি গাড়িতে করে দলীয় ঝাণ্ডা, লিফলেট এবং অন্যান্য প্রচার সামগ্রী পরিবহন করা হচ্ছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এই ঘটনার প্রেক্ষিতে তিপ্রামথা পার্টির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে:

১. মন্ত্রীর বক্তব্যের দ্রুত তদন্ত করা।

২. ঘটনার সত্যতা যাচাই করে কঠোর পদক্ষেপ গ্রহণ।

৩. রাজ্য নির্বাচন কমিশন এবং ভোটারদের কাছে মন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

৪. নির্বাচনের বাকি দিনগুলোতে মন্ত্রীর প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা।

৫. সরকারি কলকবজা অপব্যবহারের সুষ্ঠু তদন্ত ও বিচার।

তিপ্রা মথার সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা জানিয়েছেন, একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে এমন কুরুচিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কমিশন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে সাধারণ মানুষের কাছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ভুল বার্তা যাবে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*