বাস-বাইকের সংঘর্ষে আহত যুবক, এলোমেলো পার্কিংকে দায়ী স্থানীয়দের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ এপ্রিল || শান্তিরবাজার বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন এক বাইক চালক। আহত যুবকের নাম ত্রিজিৎ মালাকার (২২)। তিনি শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, টি আর ০১ কিউ ৬৮৯৪ নম্বরের একটি বাইক এবং টি আর ০১ সি ১৪১৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগরতলা থেকে সাব্রুমগামী বাসটি হঠাৎ করে যাত্রী তুলতে রাস্তার মাঝেই থেমে যায়। সেই সময় পিছন থেকে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। ফলে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে, এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, শান্তিরবাজারে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড না থাকায় আগরতলা-সাব্রুম রুটের বাসগুলি যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। আজকের এই দুর্ঘটনাও সেই অব্যবস্থাপনার ফল বলেই মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, অবিলম্বে নির্দিষ্ট বাস স্ট্যান্ড তৈরি এবং বাস পার্কিংয়ে নিয়ন্ত্রণ আনতে পরিবহন দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচেতন মহলের মতে, প্রশাসন সক্রিয় ভূমিকা নিলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।
এখন দেখার, এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*