গন্ডাছড়ায় কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে নেতৃত্বের বৈঠক

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ এপ্রিল || এডিসি নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবির পর কর্মীদের মনোবল পুনরুদ্ধারে মাঠে নামল দলীয় নেতৃত্ব। সেই উদ্দেশ্যে সোমবার গন্ডাছড়ায় ছুটে আসেন ধলাই জেলার সংগঠন অবজার্ভার মুরগান মনিরত্নম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, ধলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গন্ডাছড়ায় পৌঁছে নেতৃবৃন্দ কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হন। বৈঠকে সংগঠনের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, সাম্প্রতিক নির্বাচনী ফলাফল পর্যালোচনা এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের বৈঠকে রাইমাভ্যালী ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরাসহ এলাকার বহু কংগ্রেস নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাময়িক ব্যর্থতায় হতাশ না হয়ে নতুন উদ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন ও সংগ্রাম জোরদার করারও আহ্বান জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*