তালাবন্ধ পিতরাই পাড়া উপস্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত স্থানীয়রা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে || দীর্ঘদিন ধরেই তালাবন্ধ হয়ে পড়ে আছে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিতরাই পাড়া উপস্বাস্থ্যকেন্দ্র। ফলে প্রাথমিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
ঘটনার বিবরণে জানা যায়, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে পিতরাই পাড়ায় একটি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের কিছুদিন পর থেকেই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য যিনি জমি প্রদান করেছিলেন, তাঁকে বা তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
জমির মালিকের দাবি, সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তিনি জমি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি উপস্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেন। পরে স্থানীয় মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে কেন্দ্রটি পুনরায় চালু করা হয়।
তবে কয়েক মাস স্বাভাবিকভাবে পরিষেবা চলার পর ফের একই সমস্যার উদ্ভব হয়েছে। বর্তমানে আবারও উপস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। জমির মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের একজনকে চাকরি না দেওয়া হলে তিনি কেন্দ্রটি খুলতে দেবেন না।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত উপস্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হোক, যাতে সামান্য অসুস্থতার ক্ষেত্রেও তারা নিকটবর্তী এই কেন্দ্র থেকেই চিকিৎসা পরিষেবা পেতে পারেন। পাশাপাশি এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
এখন দেখার বিষয়, সাধারণ মানুষের স্বার্থে উপস্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*