ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীর শপথ গ্রহণ, শুভেচ্ছায় ভাসালেন মুখ্যমন্ত্রী-মন্ত্রীবর্গ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || পবিত্র ত্রিপুরা বিধানসভার লবিতে বুধবার অনুষ্ঠিত হল ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে শপথ বাক্য পাঠ করান।
এই গৌরবময় মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “আপনি শুধু একজন বিধায়ক হিসেবে শপথ নেননি, নিয়েছেন ধর্মনগরের আপামর মানুষের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের গুরুদায়িত্ব। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনি ধর্মনগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।”
তাঁরা আরও বলেন, ধর্মনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন-এর অসমাপ্ত স্বপ্ন ও উন্নয়নমূলক কাজকে বাস্তবায়িত করতে জহর চক্রবর্তী সকলকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাবেন বলেই তাঁদের বিশ্বাস।
উপস্থিত বিশিষ্টজনেরা নবনির্বাচিত বিধায়কের সফল রাজনৈতিক ও জনসেবামূলক পথচলার কামনা করে বলেন, “প্রয়াত বিধায়কের স্বপ্নের ধর্মনগর গড়ে তুলুন। উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিন ধর্মনগরকে। জনগণের প্রকৃত সেবক হিসেবে আপনার পথচলা সফল হোক।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*