মানশ্রীর সুস্থতার লড়াইয়ে মানবিক উদ্যোগ, সহায়তার হাত বাড়াল ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ মাসের শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য সামান্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’।
মানশ্রী স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) নামক এক জটিল ও বিরল রোগে আক্রান্ত। তার জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’।
বুধবার সংবাদমাধ্যমটির পক্ষ থেকে শিশুটির বাবা ধ্রুব চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তার পরিমাণ অল্প হলেও, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ প্রসঙ্গে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-এর সম্পাদক বলেন, “মানশ্রী একটি জটিল ও বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। সমাজের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে শিশুটির চিকিৎসার পথ অনেকটাই সহজ হবে।”
তিনি আরও বলেন, মানবিক সংকটের সময় সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি নিষ্পাপ শিশুর মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে। তাই সকলের কাছে তিনি মানশ্রীর চিকিৎসার জন্য এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*